বর্তমানে বইয়ের বাজার কেমন ? অডিও স্টোরির ভবিষ্যৎ কেমন ?
বর্তমানে বইয়ের বাজার কেমন ? অডিও স্টোরির ভবিষ্যৎ কেমন ?
গল্পের বই পড়তে ভালোবাসেন প্রচুর প্রচুর মানুষ। বাংলা তথা পুরো ভারতে বাংলা বইয়ের পাঠক সংখ্যা নেহাৎ কম নয়। আর হবে না'ই বা কেন ; বাংলা সাহিত্যের সমৃদ্ধ রত্নত্তম ভান্ডার যে মননশীল পাঠককে আকৃষ্ট করবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই। উপন্যাস , গল্প , ছোটগল্প , নাটক - কী নেই সেখানে। ক্লাসিক লেখাগুলির সঙ্গে সঙ্গে অতি সাম্প্রতিক সময়ে বেশ কিছু লেখক আছেন যাঁদের লেখনী মুগ্ধ করেছে এক বিরাট অংশের পাঠককে।
লকডাউন পরবর্তী সময়ে কিছু বিশেষ ট্রেন্ড :-
লকডাউন পরবর্তী সময়ে বাংলা গল্পের পাঠকদের মধ্যে কিছু বিশেষ ট্রেন্ড চোখে পড়ার মত। যেমন -
(ক ) ভৌতিক , কল্পবিজ্ঞান , থ্রিলার , সাইকোলজিক্যাল , সমান্তরাল বিশ্ব - ব্রহ্মান্ড - ইত্যাদি বিষয়ে মানুষের আকর্ষণ তীব্রভাবে বেড়েছে।
(খ ) ছাপানো বইয়ের রাজত্বকে খর্ব করে দিয়ে অডিও স্টোরি প্ল্যাটফর্মগুলির উত্থান ঘটেছে উল্কার গতিতে।
(গ ) সেই ট্রেন্ডে গা ভাসিয়ে প্রতিদিন জন্ম নিচ্ছে একের পর এক অডিও স্টোরি চ্যানেল। এবং তাদেরও শ্রোতা সংখ্যা নেহাৎ কম নয়।
(ঘ ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ক্রিয়েটরদের বহুমুখী আয়ের সম্ভাবনার পথ খুলে দিয়েছে। বিজ্ঞাপন বাদ দিয়েও - অ্যাফিলিয়েট , প্রমোশন - ইত্যাদি বিভিন্ন আয়ের পথ এখন সকলের কাছে উন্মুক্ত।
সরাসরি আর্থিক বিষয় : ছাপানো বই Vs অডিও স্টোরি।
বিষয়টিকে বিভিন্ন দিকে আলোচনা করা যেতে পারে।
প্রথমেই আসা যাক ছাপানো বইয়ের কথায়। কতটা আয় হয় লেখকদের ?
একটি গড়পড়তা বাংলা বই ছাপানো হয় ৫০০ থেকে ১০০০ কপি। গড় দাম ২৫০ থেকে ৩০০ টাকা। ধরা যাক সবগুলি কপি বিক্রি হয়ে গেল। তাহলে লেখকের রয়্যালিটি হল ১০% অর্থাৎ ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।
তবে অডিও স্টোরির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ধরা যাক একটি মধ্যম বর্গের বাংলা অডিও স্টোরির চ্যানেল ১ লক্ষ ভিউ। RPM = ০.২০ ; তাহলে আয় মোটামুটিভাবে ১০ ডলার। এর সঙ্গে সঙ্গে যদি কোনো ব্র্যান্ড প্রমোশন থাকে তাহলে আরো ১০ ডলার মত।
তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মধ্যম বর্গের ছাপানো বই এবং একটি অডিও স্টোরির আয় মোটামুটিভাবে সমান।
কিন্তু আসল খেলা রয়েছে অন্য জায়গায়।
প্রথমতঃ সাম্প্রতিককালে বেশিরভাগ মানুষ ঝুঁকছেন অডিও স্টোরির দিকে ; তাই ছাপানো বইয়ের বাজার দিনে দিনে কমে আসছে।
দ্বিতীয়তঃ যেহেতু ছাপানো বইয়ের বিক্রি কমছে সেহেতু প্রকাশকেরা নতুন লেখকদের সুযোগ দিচ্ছেন কম বা বহু ক্ষেত্রে দিচ্ছেন না বললেই চলে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি নতুন লেখকদের সামনে এনে দিচ্ছে আত্মপ্রকাশের সুযোগ।
তৃতীয়তঃ একটি বই ছাপাতে যদি ১০০ থেকে ১৫০ টাকা খরচ হয় এবং ১০০০ টি বই ছাপানো হয় তাহলে ছাপার খরচ মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা। অন্যদিকে অডিও স্টোরির ক্ষেত্রে খরচটি নেহাতই নগন্য। এডিটিং , পাবলিশিং , ব্যানার তৈরী এইসব কাজগুলি নিজে জানলে প্রায় কোনো অর্থ ব্যয় না করেই একটি অডিও স্টোরি প্রকাশ করা যায়।
চতুর্থতঃ অডিও স্টোরির শ্রোতার সংখ্যা বর্তমানে প্রচুর। একজন শ্রোতা শুধুমাত্র একটি চ্যানেল শোনেন না ; ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পেতে প্রতিটি শ্রোতা ভিন্ন ভিন্ন চ্যানেলকে শোনেন। ফলে অডিও স্টোরির সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
পঞ্চমতঃ একজন লেখক বছরে একটি নির্দিষ্ট সংখ্যক লেখা লিখতে পারেন ; কিন্তু অডিও স্টোরির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। যত ইচ্ছে লেখা যায় ; তাছাড়া অডিও স্টোরির চ্যানেলের ক্ষেত্রে কপিরাইট পেয়ে গেলে যেকোনো লেখকের গল্প উপস্থাপন করা যায়।
এবার যাঁরা লেখার জগতে নিজের সাহিত্যকর্মের সাক্ষর রাখতে চান তাঁরা নিজেরাই নিজেদের পছন্দ , সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট কোন দিকে এগিয়ে যান। অগ্রিম শুভেচ্ছা রইল।


0 comments